পাবনার চাটমোহরে দুই শিশুর গায়ে ব্যাটারির এসিড পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে মনি হোসেন (১৮) নামের এক কিশোরের বিরুদ্ধে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে দিকে উপজেলার হান্ডিয়াল বাজারে এ ঘটনা ঘটে। আহত দুই শিশুকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শিশুরা হলো, উপজেলার বেজ পাটিয়াতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (১২) ও হান্ডিয়াল বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে রতন সরকার (১০)।
অভিযুক্ত মনি হোসেন সোনাবাজু গ্রামের রতন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শরিফুলের কাছে ১০৫ টাকা পেতো কিশোর মনি। সেই টাকা না দেয়ায় শনিবার রাতে হান্ডিয়াল বাজারে একটি ডেকোরেটর দোকানে শরিফুল ও রতনকে ধরে তাদের শরীরে ব্যাটারির এসিড পানি নিক্ষেপ করে মনি। চিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে পুলিশের সহায়তায় তাদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্বজনরা।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. স ম বায়েজীদ-উল ইসলাম জানান, তাদের অবস্থা গুরুতর নয়। সামান্য আহত হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
চাটমোহর থানার ওসি সেখ নাসীর উদ্দিন জানান, হাসপাতালে ভর্তি দুই শিশুর সাথে আমরা কথা বলেছি। শরিফুল একটু আহত হয়েছে, রতন তেমন আহত নয়। অভিযুক্ত মনি কে ধরতে পুলিশি অভিযান চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি