বিনা টিকেটের ৫শ ৫৮ যাত্রীকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশনে ৫শ ৫৮ জন যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণের কারণে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এসময় ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানাসহ মোট ২লাখ ৪৯হাজার ২শত ৩০টাকা ভাড়া আদায় করা হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের একটি টিম অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহম্মদ বিশ্বাসসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ফেরদৌস আহম্মদ বিশ্বাস বলেন, সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১২টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫ শত ৫৮ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা ও সমপরিমাণ ভাড়া আদায় করা হয়।

উল্লেখ্য, ভৈরব বাজার রেল স্টেশনে এর আগেও ‍অভিযান পরিচালনা করা হয়। ২০১৭ সালের ২১ অক্টোবর ৩০৮জনকে, ২৭ নভেম্বর ৯৪৪জনকে, ১৯ ডিসেম্বর ৯৬৩জনকে জরিমানা করা হয়েছিল। এছাড়া ২০১৮ সালে ১৩ জানুয়ারী ৮৪২জনকে, ১০ মার্চ ১১৯৩জনকে এবং ০৮ এপ্রিল ৯৯৬ জনকে জরিমানা করা হয়েছিল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর