ধরুন কোথাও একটা ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। ম্যাচের দিন শুরু হলো প্রবল বৃষ্টি। মাঠের অবস্থা এমন হলো যে, একটি বল না গড়াল না। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো। এই চিত্রটা সবার চেনা।
গতকাল করাচিতে ১০ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে। মজার ব্যাপার হলো পাকিস্তান-শ্রীলঙ্কার দ্বিতীয় ম্যাচের সময়ও বদলে গেছে! মানে নির্দিষ্ট দিনের আগেই পণ্ড হয়েছে ম্যাচ! আর এই নিয়ে চলছে হাসাহাসি।
দীর্ঘ ১০ বছর পর করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির মাঝেও দর্শকরা অনেক আশা নিয়ে স্টেডিয়ামে এসেছিল খেলা দেখতে। কিন্তু বেরসিক বৃষ্টি সব ভণ্ডুল করে দেয়।
করাচিতে গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে, সিরিজের দ্বিতীয় ওয়ানডের সময়সূচিও পাল্টাতে হয়েছে। ম্যাচটি রবিবার হওয়ার কথা থাকলেও সেটা অনুষ্ঠিত হবে পরের দিন সোমবার।
পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘মাঠকর্মীরা আগামী সপ্তাহে ম্যাচের জন্য যেন মাঠ প্রস্তুত করে তুলতে পারেন সে জন্যই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এ সপ্তাহে প্রচুর বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা রয়েছে।’
ম্যাচের আগেই ম্যাচ পণ্ড হওয়ার ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিয়ে মজা করতে ছাড়েনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুইটারে সংস্থাটির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘কখনো শুনেছেন, এত বেশি বৃষ্টি হয়েছে যে খেলা মাঠে গড়ানোর দুই দিন আগেই তা ধুয়ে গেছে?’
বার্তাবাজার/কেএ