কুড়িগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনালের ভেতর পার্কিং করা একটি বাসের ভেতর থেকে ওই বাসের শিশু হেলপার শিপন (১৪) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। কুড়িগ্রাম সদর থানার সুত্রে জানা যায়,আজ শনিবার সকাল ১১ টার দিকে কুড়িগ্রাম সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে,ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
নিহত শিশু শ্রমিক কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মোজাম্মেল হকের ছেলে বলে জানা গেছে।
বাসটি ভুরুঙ্গামারী উপজেলার অধিবাসী নুরু নামে সাবেক এক পুলিশ সদস্যের বলে জানিয়েছে কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকরা।
কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানান, শিপন কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী রুটে শাহ জালাল পরিবহন (জ ১১-০২৬৩) নামে একটি বাসের হেলপার হিসেবে কাজ করে। শুক্রবার ভুরুঙ্গামারী থেকে ফিরে রাতে সে বাসের ভেতরেই ঘুমিয়েছিল। সকালে তাকে বাসের অন্যান্য স্টাফরা ডাকতে গিয়ে তার নিথর দেহ দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কুড়িগ্রাম সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাজু সরকার বার্তা বাজার কে জানান, প্রাথমিক ভাবে লাশের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। গলায় তার নিজের ব্যবহৃত একটি গামছা স্বাভাবিক অবস্থায় ছিল। ময়না তদন্তের পর বোঝা যাবে ঠিক কি কারণে শিপনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি