গাইবান্ধার সাঘাটা থানার এক পুলিশ কর্মকর্তা আসামি গ্রেফতারের নাম করে বেরিয়েছিলেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। তবে নীলফামারির ডিমলায় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি এখন ভর্তি আছেন হাসপাতালে।
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম জাহিদুল ইসলাম। তিনি সাঘাটা থানায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) পদে কর্মরত।
সাঘাটা থানার ওসি বেলাল হোসেন জানান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে থানা থেকে গ্রেফতারি পরোয়ানা তামিলের নাম করে বেরিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে গ্রেফতারি পরোয়ানা তামিলের কথা বলে থানা থেকে বের হন জাহিদ। কিন্তু তিনি কাজে না গিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে সকাল সোয়া ১১ টার দিকে জেলার ডিমলা উপজেলার সুটিবাড়ি সড়কের ঘোড়ামারা চৌপথি নামকস্থানে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দিলে গুরুতর আহত হন এএসআই জাহিদ। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় তার ডান পা ভেঙে গেছে। তবে, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এদিকে গ্রেফতারের উদ্দেশে বেরিয়ে তা না করে এএসআই জাহিদ বাড়ির উদ্দেশে রওনা দেওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে সাঘাটা থানার পুলিশ।
এ প্রসঙ্গে সাঘাটা থানার ওসি বেলাল হোসেন বলেন, “এএসআই জাহিদুল ইসলাম জাহিদ সকালে গ্রেফতারী পরোয়ানা তামিলের জন্য থানা থেকে বের হয়ে গিয়েছিল। বিকালে সংবাদ পাই সে তার গ্রামের বাড়ি ডিমলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু তার সেখানে যাওয়ার কথা না। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
বার্তাবাজার/ডব্লিওএস