সাময়িক অভিযানে দুর্নীতি বন্ধ করা যায় না

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সাময়িক অভিযানে দুর্নীতি বন্ধ করা যায় না। এর জন্য লাগাতারভাবে লড়াই করতে হবে। শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়া প্রেস ক্লাবের হল রুমে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মেনন বলেন, ‘কয়েক দিন ধরেই পত্রিকায় ক্যাসিনো ক্লাবের কোটি কোটি টাকার কাহিনী শোনা যাচ্ছে। মনে হলো যেন হঠাৎ করে ঝড় উঠে গেছে। সব সাফ-শুদ্ধ করছেন। কিন্তু সাময়িক ও ক’দিনের সাফ-শুদ্ধের অভিযান চালিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না। দুর্নীতি বন্ধ করতে হলে লাগাতারভাবে লড়াই করতে হবে।’

এ সময় তিনি পত্রিকার উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আজকের পত্রিকায় হিসেব করে দেখানো হয়েছে ৮৯ শতাংশ মানুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। তারা কথা বলে না। আমাদের আজকে সাহসী হতে হবে। বলতে হবে, দুর্নীতিবাজদের আমরা আর গ্রহণ করব না।’

সাভার উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির ঢাকা মহানগরের সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়।

সম্মেলনে শিল্পাঞ্চলের কয়েক’শ শ্রমিক অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর