শিবির-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ৫

কুমিল্লার বুড়িচংয়ে শিবিরের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সহকারী উপ-পুলিশ পরিদর্শকসহ (এএসআই) ৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার ভারেল্লা এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় বায়েজীদ নামে এক শিবির কর্মীকে গুরুতর আহত অবস্থায় আটক করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, শুক্রবার উপজেলার ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার পেছনে একটি টিনশেড ঘরে জামায়াত-শিবিরের বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছুড়তে থাকে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে থানার এএসআই দেলোয়ার হোসেন ও কনস্টেবল মাহাবুব এবং শিবিরের সাথী বায়েজীদসহ ৪ জন আহত হয়।

আহত এএসআই দেলোয়ার হোসেনকে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে, কনস্টেবল মাহাবুবকে কুমিল্লা সদর হাসপাতালে ও আটক শিবিরের সাথী বায়জীদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাস্থল থেকে ককটেল, ইসলামী বই ও লিফলেট উদ্ধার করেছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর