ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল করিম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে দুইটার দিকে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানায়, রাত দেড়টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা এলাকার একটি রাইছ মিলের কাছে কিছু মাদকব্যবসায়ী মাদক কেনা বেচা করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযানে যায় ডিবি পুলিশের দুটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে মাদক কারবারিরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে কিছু সময় গুলিবিনিময়ের পর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল করিম নামে একজনকে আটক করে পুলিশ।
পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছে।
নিহত করিমের বিরুদ্ধে মাদক চুরি ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার নলচাপাড়া এলাকায়।
বার্তাবাজার/কে.জে.পি