বেরোবি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় পথনাটক ‘ইনডেমনিটি’ প্রদর্শিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন এবং ‘ওয়ান বাংলাদেশ’ এর আয়োজনে পথনাটক ইনডেমনিটি প্রদর্শিত হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এই পথনাটক প্রদর্শনীর উদ্বোধন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।

উদ্বোধনী বক্তব্যে বেরোবি ভাইস-চ্যান্সেলর বলেন, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর সকল খুনি ও তাদের সহায়কদের রক্ষা করতে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর কালো আইন ইনডেমনিটি অর্থাৎ দায়মুক্তি অধ্যাদেশ জারি করেছিল।

পরবর্তীতে এই কালো অধ্যাদেশটি আইনে পরিণত করে ৭৫ থেকে ৭৯ পর্যন্ত সকল হত্যাকান্ডের বৈধতা প্রদান এবং বিচারের পথ বন্ধ করে দেয়া হয়। পথনাটকটি নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে সহায়তা করবে এবং এধরনের সাংস্কৃতিক পরিবেশনা অব্যাহত রাখার আহবান জানান বেরোবি উপাচার্য।

উল্লেখ্য ১৯৯৬ সালের ১২ নভেম্বর ইনডেমনিটি আইনটি বাতিল করা হয়। মান্নান হীরা রচিত ‘ইনডেমনিটি’ নাটকটি বৃহস্পতিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ দেশের ১২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রদর্শনের আয়োজন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন এর প্রথম পরিবেশনায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মন, প্রক্টর মো: আতিউর রহমান, বেরোবি বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও ‘ওয়ান বাংলাদেশ’ এর আঞ্চলিক সমন্বয়ক তাবিউর রহমান প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ, মোঃ সামসুল হক ছাড়াও নাটকটির নিদের্শক পিন্টু সাহাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর