চলমান অন্যায়, অপকর্ম, অনিয়ম-দুর্নীতি ও শৃঙ্খলা বিরোধী অ্যাকশনে যদি আওয়ামী লীগের কোনো কেন্দ্রীয় নেতাও অভিযুক্ত হন আগামী দিনে তারা আওয়ামী লীগ করার সুযোগ পাবেন না বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব।
তারা বলছেন: শেখ হাসিনা কখনও অপকর্মকে প্রশ্রয় দেন না। এরই মধ্যে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের এমন শতাধিক নেতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।
শুদ্ধি অভিযান প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন: ক্যাসিনো কিংবা মাদক ব্যবসার সঙ্গে যেই জড়িত হোক না কেন, জড়িত ব্যক্তি এবং তাদের গডফাদারদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
দোষী এমপি-মন্ত্রী যেই হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। নানা অভিযোগ রয়েছে এমন শতাধিক নেতা এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছেন।
ক্ষমতাসীনদের অন্যতম শীর্ষ এ নেতা আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের আগে এমন শুদ্ধি অভিযানকে চমক হিসেবে দেখছেন। বলছেন: কাউন্সিলকে সামনে রেখে এ অভিযান অবশ্যই চমক। এ চমকের আলো আপনারা দেখতে পাচ্ছেন না? যারাই নেত্রীর নির্দেশ অমান্য করে অপকর্মে জড়াবে ভবিষ্যতে তারা আওয়ামী লীগ করতে পারবে না।
অন্যদিকে আওয়ামী লীগের আরেক শীর্ষ নেতা, টানা তিনবারের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলছেন: দলের কেউ অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের নেত্রী কখনও কুণ্ঠাবোন করেননি।
সে যে পর্যায়ের নেতাই হোন না কেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের কারও বিরুদ্ধে যদি এমন অভিযোগ ওঠে তার দলে টিকে থাকা কঠিন হবে। শুধু আওয়ামী লীগের সহযোগী সংগঠনই নয় মূল দলেরও অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব।
তারা বলছেন: শুধু সহযোগী সংগঠনেই নয় মূল দলের অনেকেই রয়েছেন নজরদারিতে। অভিযুক্তদের পাশাপাশি তাদের গডফাদারদেরও খুঁজে বের করা হবে। সরকার অনৈতিকতার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে। এই অনৈতিকতার সঙ্গে যারা জড়িত এবং যারা এদের লালন পালন করছে সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
গডফাদারদের খুঁজে বের করা প্রসঙ্গে কাজী জাফরউল্লাহ বলেন: এই যে আমরা দেখলাম ক্যাসিনো চালাচ্ছে, ছাত্রলীগের ওরা চাঁদা চাচ্ছে! এগুলো কি শুধু এদের পক্ষে সম্ভব? নিশ্চয় কারও না কারও আশ্রয় প্রশ্রয়ে তারা এগুলো করছে। এই সকল আশ্রয় দাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর উপমহাদেশের অন্যতম প্রচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হবে।
বার্তাবাজার/কেএ