ঢাকার সাভারের ডেইরিফার্ম এলাকায় অজ্ঞাত পরিচয় যুবকের লাশের পরিচয় পাওয়া গেছে। নিহত যুবকের নাম রবিউল ইসলাম বরিন (২২)। তার বাড়ি আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরীয়া গ্রামে।
নিহত রবিউল ইসলাম আশুলিয়ার বাইপাইলে হানিফ পরিবহনের কাউন্টারে চাকুরী করতো বলে পুলিশ জানায়।
গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে বাইপাইল হানিফ কাউন্টার থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়ে সে নিহত হয় বলে পুলিশ ধারণা করছে। রবিউল এর চোখে এবং বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সাভার ডেইরীফার্ম গেটের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরীফার্ম গেট থেকে সাভার যেতে ২০০ মিটার দুরে যুবকের লাশটি পাওয়া যায়।
এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক বলেন, আজ (বৃহস্পতিবার) সকালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, যুবকের আনুমানিক বয়স ২৬, দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.কে