অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে লোকমানের ৪১ কোটি টাকা

মোহামেডান স্পোর্টিং ক্লাবের কক্ষ ক্যাসিনোর জন্য ভাড়া দেওয়ায় লোকমান হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।তবে তাকে আটকের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।যুবলীগ নেতা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদকে দৈনিক ৭০ হাজার টাকা দিতেন তিনি।এবং নিজের টাকা অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে জমা রেখেছেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক লোকমান।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র‍্যাব-২-এর অধিনায়ক লে. কর্নেল আশিক বিল্লাহ। তিনি বলেন, এ ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

লোকমান মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) পরিচালক। বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে লোকমানকে তার মণিপুরী পাড়ার বাসা থেকে আটক করে র‍্যাব-২। আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব-২-এর কার্যালয়ে নেওয়া হয়।

র‍্যাব-২-এর সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদকে দৈনিক ৭০ হাজার টাকায় ক্লাবের কক্ষ ভাড়া দিয়েছিলেন লোকমান। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালনা কমিটি একটি রেজ্যুলেশনের ভিত্তিতে কক্ষ ভাড়া দেয়। এ ঘটনায় পরিচালনা কমিটির আর কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার এএনজেড ও কমনওয়েলথ ব্যাংকে লোকমানের ৪১ কোটি টাকা গচ্ছিত আছে বলে জানিয়েছে র‌্যাব।

সাঈদ আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি। তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক। তিনি যুবলীগেরও নেতা। তিনি ক্যাসিনো-বাণিজ্যে জড়িত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর