ফকিরাপুলের সেই ক্লাবে মেনন মাত্র একদিন গিয়েছিলেন ফিতা কাটতে

রাজধানীর ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সম্প্রতি তার সেই ক্লাবে হানা দিয়ে চাঞ্চল্যকর তথ্য বের করে র‌্যাব।সেই প্রসঙ্গে মেনন বলেছেন, তিনি ২০১৬ সালে একদিনই ওই ক্লাবে গেছেন, ফিতা কেটেছেন, এটাই শেষ। ওই ক্লাবে ২০১৭ সালে ক্যাসিনো শুরু হয়।এ বিষয়ে প্রশ্ন রাখলে তিনি বলেন, প্রশাসনের কেউ জানতো না সেখানে কী হয় আর আমি জানবো কীভাবে?

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মেনন।

ক্যাসিনো চালানোর অভিযোগে ইয়ংমেনস ক্লাবের সভাপতি যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রিমান্ডে আছেন। এ ক্লাব দিয়ে অভিযান শুরুর পর আরও একাধিক ক্লাবে অভিযানে বেরিয়ে আসছে ঢাকায় ক্যাসিনো সাম্রাজ্যের গোপন খবর।

চলমান এ অভিযানের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, কিছু দুর্বৃত্তের কারণে সরকারের অর্জন ম্লান হয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযান শুরু করেছেন ১৪ দল তার সঙ্গে আছে। তবে দুর্বৃত্তদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর সুযোগ নিয়ে কোনো অশুভ শক্তি যাতে চক্রান্ত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো অশুভ শক্তি যেন গুটিকয়েক দুর্বৃত্তের জন্য কোনোভাবে সুযোগ নিতে না পারে। দুর্বৃত্তায়নের সঙ্গে যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নাসিম আরও বলেন, দুর্নীতি, সামাজিক অপরাধ, ক্যাসিনো বন্ধে যে অভিযান শুরু হয়েছে এতে আমরা আনন্দিত, এটাকে আমরা অভিনন্দন জানাই। পাশাপাশি আমরা দুঃখিত ও বিস্মিত যে কিছু রাজনৈতিক কর্মী এই দুর্নীতি, অপকর্মের সঙ্গে জড়িত। নাকের ডগায় এসব অপকর্ম হয়েছে কিন্তু প্রশাসন নির্লিপ্ত ছিল। আমরা এর নিন্দা জানাই।

এদিকে ১৪ দলের সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর