পুলিশ কিছু না পেলেও র‌্যাব পেল বিপুল পরিমাণ মদ-বিয়ার

পুলিশের অভিযানে কিছু না পাওয়া গেলেও ঠিক তার দুই দিন পর র‌্যাবের অভিযানে রাজধানীর গুলশান লিংক রোডের ফু-ওয়াং ক্লাব থেকে অবৈধভাবে আনা মদ, বিয়ার ও আমদানি নিষিদ্ধ সিগারেট ও সাত লাখ টাকা জব্দ করেছে র‌্যাব। ক্লাবের ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতারা হলেন- জাহিদ, জেবিআর ও চঞ্চল।

গতকাল বুধবার রাতভর ক্লাবটিতে র‍্যাবের অভিযান চলে। আজ বৃহস্পতিবার সকালে অভিযান শেষ হয়। অভিযান শেষে র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এ তথ্য জানান।

সারোয়ার বিন কাশেম বলেন, ক্লাবটি থেকে ১০ হাজার ক্যান বিদেশি বিয়ার, ২ হাজার বোতল বিদেশি মদ এবং বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো বেশির ভাগই অনুমোদনহীন। সাধারণত নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের মদ আনার অনুমোদন থাকে। জব্দ করা মদ সেই তালিকায় নেই।

র‌্যাবের পরিচালক জানান, ফু ওয়াং ক্লাবের মালিক শেখ মনিরুল ইসলাম। অভিযানের সময় তাঁকে পাওয়া যায়নি। তাঁকে আটকের চেষ্টা চলছে।

গত সোমবার বিকেলে একই ক্লাবে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেছিলেন, জুয়া, ক্যাসিনো বা অবৈধ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কিছু ফু-ওয়াং ক্লাবে পাননি। ক্লাবের বারের বৈধ কাগজপত্র আছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে অবৈধ ক্যাসিনো ও জুয়ার বিরুদ্ধে গত কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে র‍্যাব ও পুলিশ।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর