ঝিনাইগাতীতে মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আমির হোসেন (৮) নামের এক মাদ্রাসা পড়ুয়া শিশুর লাশ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

২৫ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। আমির হোসেন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধীগাঁও গ্রামের মৃত. সিরাজুল হকের ছেলে। সে ওই গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আমির হোসেনের মা অহেজান বেগম ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে পাহাড়ে বালু উত্তোলনের কাজে যান। বিকেলে পাহাড় থেকে বাড়িতে এসে তার ছেলে আমিরকে ঘরে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়।

এসময় অনেক ডাকা-ডাকি করলে আমির কোন সাড়া না দেওয়ায় আমিরের মা অহেজান বেগমের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এসে আমিরকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে রাখেন।

এদিকে বুধবার রাত সাড়ে ১১টায় পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমিরের গলায় ছাপ থাকার কারণে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শিশু আমির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর রহস্য ও কারণ জানা যাবে বলে এমনটাই জানিয়েছে পুলিশ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর