অভিষেকের ৯৩ সেকেন্ডেই গোল দিলেন বস জিদানের ‘ছাত্র’

লা লিগায় ওসাসুনার বিপক্ষে সহজেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ওসাসুনার রক্ষণকে চাপে রেখেই খেলেছে স্বাগতিকেরা।তবে এদিন যেন সব আলো কেড়ে নিয়েছে এক ব্রাজিলিয়ান তরুণ।

লা লিগায় প্রথমবারের মতো খেলতে নেমেছেন। তাও আবার রিয়াল মাদ্রিদের জার্সিতে। স্পেনের এই ঐতিহ্যবাহী দলটিতে ২০১৮ সালে নাম লেখালেও বুধবার রাতে অভিষেক হয়েছে ব্রাজিলিয়ান রদ্রিগো গোয়েজের।কোচ জিনেদিন জিদান ওসুনার বিপক্ষে ৮ পরিবর্তন নিয়ে দল সাজালেন। ওসুনার বিপক্ষে ২-০ গোলে পেয়েছেন দাপুটে জয়। এদিন দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী রদ্রিগো।

এ ম্যাচে তরুণদের ওপরই আস্থা রেখেছেন মাদ্রিদ বস জিদান। তার তরুণ শিষ্যরা আস্থার প্রতিদান দিতে একটুও ভুল করেননি। লিগে এই মৌসুমে এখন পর্যন্ত দলকে অপরাজিত রেখেছে জিদান শিষ্যরা। ম্যাচ জিতলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়ালের। রিয়াল খেলোয়াড়েরা এই হিসেব নিশ্চিত ভাবেই জানত কি না তা জানা যায়নি। তবে ওসাসুনাকে সহজেই হারিয়েছে তাঁরা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রিয়াল উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বল দখলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদ ওসাসুনার গোলপোস্টে শট নিয়েছে ১৪টি। যার ৪টি তাঁরা লক্ষ্যে রাখতে পেরেছে। আর ওসাসুনার নেওয়া ৪টি শটের সবগুলোই ছিল বেপথু।

ম্যাচের ৩৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে চোখ ধাঁধানো এক গোলে বার্নাব্যুর গ্যালারিকে উল্লাস করার সুযোগ করে দেন ভিনিসিয়াস।

ম্যাচের ৭০তম মিনিটে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার বদলে স্বদেশী রদ্রিগো প্রবেশ করলেন মাঠে। মাঝ মাঠ থেকে বল পেয়ে একাই দৌড়ে গোল করলেন ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব ২০ দলে খেলা এই ফরোয়ার্ড।

এদিন একুশ শতকে (২০০১ সালের ১ জানুয়ারির পর) জন্ম নেয়া রিয়ালের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়লেন রদ্রিগো।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর