ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মাদকের বিরাট এক চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় অভিযান পরিচালনা করে স্থানীয় আবু বাশারের বাড়ির ভাড়াটিয়া ধৃত দুই মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৮ হাজার ৫০০ পিচ ইয়াবা পাওয়া যায়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারী থানার নওদাপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে আতিয়াল হক ওরফে ফকির চাঁন (৩৫) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার গুচ্ছগ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে শিউলি খাতুন (৩১)। তারা উভয়েই আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকার আবু বাশারের বাড়ির পৃথক কক্ষ ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক আবদুল আজিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়। তারা মূলত কুড়িগ্রাম থেকে চালান নিয়ে একাধিক দলে ভাগ হয়ে মাদক বিক্রি করে আসছে।
প্রতিনিয়ত নানা কৌশলে তারা মাদক বিক্রি করে থাকে। এই চক্রর বাকি অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান চলছে বলেও জানান ডিবি’র এই উপ-পরিদর্শক।
ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, বুধবার রাতে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় মাদকের বড় চালান রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে স্থানীয় আবু বাশারের বাড়ির ভাড়াটিয়া আতিয়াল হক ও শিউলি খাতুনের কক্ষে তল্লাশি চালিয়ে সাড়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক বিক্রির অভিযোগে এসময় তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়েরের পাশাপাশি এত বড় ইয়াবা চালানের পিছনে যারা রয়েছে তাদেরকেও আটকের চেষ্টা চলছে বলেও জানান ডিবি উত্তর এর এই সুযোগ্য কর্মকর্তা।
বার্তাবাজার/এম.কে