সাভার সেনানিবাসে সদ্য নির্মাণ সম্পন্ন ‘আন্ডার-পাস’ এর শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাস শুটিং ক্লাব পয়েন্টে নবনির্মিত আন্ডারপাসটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
‘দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে চুনোপুঁটি থেকে রাঘববোয়াল কেউই রেহাই পাবেন না’- আন্ডারপাসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, যার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে তাকেই আইনের আওতায় আনা হবে এবং কোনো দুর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না। দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে বলেও জানান সেতু মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন প্রমুখ।
বার্তাবাজার/এম.কে