ইরানের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একজোট হতে অন্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি তেলক্ষেত্রে হামলার জেরে ইরানের ওপর চাপ সৃষ্টির জন্য এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে এ আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প । তবে শান্তির পথও আছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় ইরানকে ‘রক্তপিপাসু’ অ্যাখ্যা দিয়ে একতরফা কোনো ব্যবস্থা নেয়ার চেয়ে দেশটির বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেয়ার ডাক দিয়েছেন। তবে তার এ ডাকে জাতিসংঘ অধিবেশনে তেমন কোনো সাড়া দেখা যায়নি। সংকট নিরসনে ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে বৈঠক আয়োজনের চেষ্টা করছেন ইউরোপীয় নেতারা।

১৪ সেপ্টেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এ হামলার জন্য ইরানকে শুরু থেকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

জাতিসংঘ ভাষণে ট্রাম্প বলেন, ‘এর একটা বিহিত করার দায়িত্ব সব দেশেরই আছে। দায়িত্বশীল কোনো দেশের সরকারই ইরানের রক্তপিপাসায় ইন্ধন জোগাতে পারে না। ইরান যতদিন ত্রাস সৃষ্টি করে যাবে, ততদিন নিষেধাজ্ঞা তোলা হবে না, বরং তা আরও কঠোর করা হবে।’

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর