মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত ২৫ দিনে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের ১৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধাসহ ৮ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সিরাজদিখান থানা পুলিশ।
চলতি বছরের ২ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টা থেকে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১২ টা পর্যন্ত সিরাজদিখান উপজেলার রামানন্দন, ঢাকা জেলার মুগদা থানা এলাকা, মানিক নগর ও গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চুরির সিন্ডিকেটের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
এর ১০ দিনের মাথায় গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার লতব্দী ইউনিয়নের দোসপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরো ৪টি মোটর সাইকেল উদ্ধারসহ মোটর সাইকেল চোর সন্দেহে ৪জনকে গ্রেফতার করা হয়।
এরপর গত সোম ও মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দোসরপাড়া গ্রামসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৫টি চোরাই মোটর সাইকেল উদ্ধাসহ ২ চোরকে গ্রেফতার করে পুলিশ। এদিকে পুলিশ জানায়, মোটর সাইকেল চুরির সিন্ডিকেটটির মূূল হোতাদের ধরার আগ পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর সাইকেল হারানো সংক্রান্তে সিরাজদিখান থানা এলাকায় জিডির সূত্র ধরে ২ সেপ্টেম্বর হতে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন মডেলের ১৩টি মোটর সাইকেল উদ্ধার করি। এই সংক্রান্তে ৮জনকে গ্রেফতার করি।
তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় চোরাই মোটর সাইকেল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
বার্তাবাজার/এম.কে