চট্টগ্রামে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ

বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম টাইগারপাস হিলে চসিক’র পক্ষ হতে ম্যুরাল স্থাপনের উদ্যোগ উদ্যোগে নেওয়া হচ্ছে।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম টাইগারপাসে সিটি কর্পোরেশনের অস্থায়ী কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ কথা জানান মেয়র আ.জ.ম নাছির।

মেয়র বলেন, এ ব্যাপারে অক্টোবরে কর্মসূচি চূড়ান্ত করা হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সাথে চট্টগ্রামের সম্পর্ক অত্যন্ত গভীর ও আন্তরিক ছিল। তিনি নানান উন্নয়ন মূলক কাজ সহ সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে বহুবার চট্টগ্রাম এসেছিলেন এবং চট্টগ্রামের মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর পোস্টার, ফেস্টুন কিংবা ব্যানারে কেবল বঙ্গবন্ধুর ছবি ছাড়া আর কোনো ছবি দেয়া হবেনা। ছবি দেয়ার সুযোগে বহু সন্ত্রাসীরাও ছবি দিয়ে পোস্টার বের করবে। তাই এ ব্যাপারে কঠোর নজরদারি রাখতে হবে।

সভায় বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) পরিচালক, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার সহ প্রমুখ।

একেএম রেজাউল করিম টাইগারপাস পাহাড়ে বাংলা ও ইংরেজিতে ‘ওয়েলকাম টু চট্টগ্রাম’ লেখার পাশাপাশি বঙ্গবন্ধুর সর্বোচ্চ ম্যুরাল স্থাপনের প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে মো. জাফর আলম বলেন, অনেকের ধারণা, পাহাড়ের ওপর কিছু করা যায় না। সারা দুনিয়াতে দেখেছি, ৮০ ডিগ্রি ঢালুতে তারা পাহাড় রাখে না। পাহাড়কে সাসটেইনেবল করে সুন্দর বাড়ি নির্মাণ করে। যেখানে পাহাড়ে কিছু করা হয় না সেটি টিকেনি। পাহাড়ের প্রোটেকশন দরকার। পাহাড়কে নির্দিষ্ট তদারকির মাধ্যমে ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। তাহলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য বজায় থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর