নিজ মেয়েকে পাস করাতে সহযোগিতা করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদ। অনিয়মের এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, সচিব মো. খালেদের মেয়ে ইউজিসির সহকারী পরিচালক পদে পরীক্ষায় অংশ নেন। নিজের মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরও কমিশনকে না জানিয়ে খালেদ নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেন। বিষয়টি প্রকাশ হলে শুরু হয় তদন্ত।
কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া যায়। পরিপ্রেক্ষিতে তাকে ওএসডি করা হয়।
ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এএস