কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কুড়িগ্রাম টু ঢাকা আন্তনগর ট্রেনটি আগামী অক্টোবর মাসেই চালু হবে। বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনাল সুত্রে এ তথ্য জানা যায়।
কুড়িগ্রাম জেলার মানুষের বহুল কাঙ্ক্ষিত এ আন্তঃনগর ট্রেনের নামকরণ ঠিক করতে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় জেলার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন। জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এর সভাপতিত্বে এই মতবিনিময় সভায় জেলার বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় সবার সম্মতিক্রমে ৫টি নাম নির্ধারন করেন জেলা প্রশাসক ।জেলা প্রশাসন সুত্রে আরো জানা যায়, এই ৮ টি নাম মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠানোর পর ,এর থেকে যে কোন একটি নাম নির্ধারন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আর সেই নাম নিয়ে অক্টোবরে চলবে ঢাকা-কুড়িগ্রাম আন্তনগর ট্রেন সার্ভিস ।তবে প্রশাসনের একাধিক সুত্র বলছে,আগামী ১৬ অক্টোবর থেকে ট্রেনটি চালু হতে পারে ।প্রস্তাবিত ৫টি নাম হলো, ১. ভাওয়াইয়া এক্সপ্রেস,২.ধরলা এক্সপ্রেস,৩.কুড়িগ্রাম এক্সপ্রেস,৪.শেখ হাসিনা এক্সপ্রেস ৫. বঙ্গ কন্যা এক্সপ্রেস ৬.কুড়িগ্রাম ভাওয়াইয়া এক্সপ্রেস ৭. ধরলা সুপার এক্সপ্রেস ৮. চিলমারী এক্সপ্রেস।
ট্রেন সার্ভিসটি আপাতত কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকাগামী হলেও চিলমারী উপজেলার মানুষের জন্য একটি শাটল ট্রেন চালু থাকবে বলে জানানো হয় সভায়। তবে আগামীতে লাইন সংস্কার করে সরাসরি চিলমারী থেকে ট্রেনটি চালানো হবে।
চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেন সার্ভিসটির নামকরণ নিয়ে গত ২৩ সেপ্টেম্বর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব জেলাবাসী। কেউ কেউ ট্রেন সার্ভিসটির নাম ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ কেউবা ‘ধরলা এক্সপ্রেস’ আবার কেউ কেউ ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ রাখার দাবি জানিয়েছেন।দীর্ঘদিন ধরে আন্তঃনগর ট্রেনের দাবি করা সংগঠন রেল,নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির পক্ষ থেকে ট্রেন সার্ভিসটির নাম ‘ভাওয়াইয়া এক্সপ্রেস’ রাখার জোর দাবি জানিয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি নাহিদ হাসান নলেজ বার্তা বাজারকে বলেন, ‘ভাওয়াইয়া কুড়িগ্রামের ঐতিহ্য। কুড়িগ্রাম জেলার ব্র্যান্ডিংয়ে ভাওয়াইয়া কথাটি বলা আছে। ৫ টি নাম প্রস্তাবনা দেয়া হয়েছে,আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ট্রেনটির নাম ভাওয়াইয়া এক্সপ্রেস রেখে আমাদের জেলা একটি সাংস্কৃতিক জেলা হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করাবেন।’
বার্তাবাজার/কে.জে.পি