বশেমুরবিপ্রবি ভিসি পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে ঝাড়ু মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের জয় বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে সমগ্র ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “ঝাড়ু দিয়ে যেমন সকল ময়লা আবর্জনা দূর করা হয়। তেমনি আমরাও আমাদের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় আবর্জনা দূর্নীতি ও নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত উপাচার্যের পদত্যাগের দাবিতে এই মিছিল করেছি।”

উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি থেকে রোদ-বৃষ্টি উপেক্ষা করে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে দুনীর্তি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশন ও অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এমনকি শিক্ষার্থীদের উপর ভিসিপন্থীদের হামলার ঘটনা ঘটেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর