সম্প্রতি সময়টা মেসিদের পক্ষে যাচ্ছে না।প্রতিপক্ষের মাঠে গিয়ে সংগ্রাম করা বার্সেলোনা অবশেষে আধিপত্য ধরে রেখেছে ঘরের মাঠে। উত্থান-পতনের মধ্য দিয়ে যাওয়া এরনেস্তো ভালভার্দের শিষ্যরা ভিয়ারিয়ালকে হারিয়ে জয়ে ফিরেছে। লা লিগায় নিজেদের মাঠে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচ জিতলেও বার্সেলোনার জন্য খারাপ খবরও আছে একটা—চোটে পড়ে মাঠ ছাড়েন ফিফার বর্ষসেরা তারকা লিওনেল মেসি।
ম্যাচের ষষ্ঠ মিনিটে মেসির বাঁকানো কর্নার কিক থেকে হেডে গোল করেন গ্রিজমান। ১৫তম মিনিটে বুসকেটসের বাড়ানো বল জোরালো শটে জালে জড়ান আর্থার মিলার।
শুরু থেকেই ভিয়ারিয়ালের রক্ষণকে একের পর এক আক্রমণে ব্যস্ত রাখে বার্সেলোনা। দুই গোলে এগিয়ে থেকে ভিয়ারিয়ালকে আরও চেপে ধরে কাতালানরা।
২২তম মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে দলকে রক্ষা করেন ভিয়ারিয়াল গোলরক্ষক। গ্রিজমানের শট সহজেই আটকে দেন অ্যাসেনজো।
ম্যাচের ২৮তম মিনিটে এসে নীরবতা নেমে আসে ন্যু ক্যাম্পে। তাদের প্রিয় তারকা, যক্ষের ধন মেসি যে চোট পেয়ে মাঠ ছাড়ছেন। মিনিট চারেক পর তিনি মাঠে ফিরে আসলে উল্লাসে ফেটে পড়ে বার্সা-সমর্থকেরা।
মেসির মাঠে ফেরায় গ্যালারি ঠাসা দর্শকেরা খুশি হলেও আর কোনো গোল করতে কিংবা করাতে পারেননি বার্সার আর্জেন্টাইন এই তারকা। এ দিকে ম্যাচের ৪৪তম মিনিটে কাজোরলার দুর্দান্ত শটে ব্যবধান কমায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসির বদলি হিসেবে মাঠে নামেন ডেম্বেলে। মিনিট দু-এক পর সমতায় ফেরার ভালো সুযোগ হাতছাড়া করে ভিয়ারিয়াল।
গোলপোস্টের সামনে থেকেও ঠিকানা মতো বল পাঠাতে ব্যর্থ হন কাজোরলা। দ্বিতীয়ার্ধে দুই দলের খেলাতেই ছন্দপতন ঘটে। খোলসে ঢুকে যায় দুই দলের খেলোয়াড়েরাই।
শেষদিকে সুয়ারেজের বদলি হিসেবে ফাতিকে নামান ভালভার্দে। নেমেই গ্রিজমানের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে গোলের ভালো সুযোগ তৈরি করেন ফাতি। শেষ পর্যন্ত অবশ্য তার গোল পোস্টের বেশ দূর দিয়ে চলে গেলে গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি।
লা লিগায় চলতি আসরে বার্সেলোনা পেল তৃতীয় জয়। তিনটিই ঘরের মাঠে। ৬ ম্যাচে ভালভার্দের দলের পয়েন্ট ১০।
৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গ্রানাডা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে আথলেতিক বিলবাও ও রিয়াল মাদ্রিদ। রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ১০।
বার্তাবাজার/এএস