খালেদার মুক্তির দাবিতে চূড়ান্ত কর্মসূচি চায় বিএনপির নেতারা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট সমাবেশ থেকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান দলটির বিভাগীয় নেতারা।

তারা কেন্দ্রীয় নেতাদের আশ্বস্ত করেন যে, কর্মসূচি ঘোষণা করলে তারা বেগম জিয়ার জন্য যে কোন ত্যাগ স্বীকার করবে এবং রাজপথ নিজেদের দখলে রাখবে। তবে সমাবেশ থেকে কোন কর্মসূচি ঘোষণা না করায় নেতাকর্মীদের হতাশ হতে দেখা গেছে।

মঙ্গলবার সিলেটে নগরীর রেজিষ্ট্রার মাঠে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে এক সমাবেশে নেতৃবৃন্দরা এসব বক্তব্যে রাখেন সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ২০ মিনিটে নগরীর রেজিষ্ট্রার মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়।

সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্য করে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, সিলেট সমাবেশে থেকে কর্মসূচি দিন। আমরা রাজপথে থাকবো।

নেতাদের উদ্দেশ্য করে বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করুন। আর বক্তব্যে নয়। কারণ নেত্রী কারাগারে বন্দী রয়েছেন। বক্তব্যে দিয়ে তাকে মুক্ত করা যাবে না। এজন্য কর্মসূচি দিতে হবে। আপনারা কর্মসূচি দিন। রাজপথ আমাদের দখলে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বেগম খালেদা জিয়া মুক্তি চাই, মুক্তি চাই। মুক্তি চাই। প্রতি উত্তরে নেতাকর্মীরা বলেন, মুক্তি চাই। ফখরুল বলেন, তাহলে আন্দোলনের জন্য প্রস্তুত হোন।

এদিকে সমাবেশে যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে দেখা গেছে। মিছিল থেকে তারা মুক্তি মুক্তি মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাইসহ বিভিন্ন স্লোগানে রেজিষ্ট্রার মাঠ মুখরিত করে তুলেন নেতাকর্মীরা।

অপরদিকে অনেক নাটকিয়তার পর মঙ্গলবার সকালে সমাবেশ আয়োজনের অনুমতি পায় বিএনপি প্রশাসন। তবে গতকাল (সোমবার) রাতে সভা মঞ্চ খুলে নেয়া হয়েছিল। পরে মঙ্গলবার সকালে অনুমতি পাওয়ায় পর ফের মঞ্চ নির্মাণ করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতারা। পরে সেখান থেকে নেতাকর্মীরা শহরের অদূরে হজরত শাহ পরাণের (রহ.) মাজারও জিয়ারত করেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ডা. সাখাওয়াত হাসান জীবন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছসহ সিলেট বিভাগীর বিএনপির নেতারা বক্তব্যে রাখেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর