কিশোরগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ: নিহত ৪, আহত ১৮

কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী দুটি বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার আচমিতা এলাকায় ময়মনসিংহ-ভৈরব মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে মাত্র একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের লস্কর মিয়ার ছেলে আব্দুল বারিক (৪০)।

পুলিশ জানায়, সন্ধ্যায় অনন্যা পরিবহন ও শ্যামল ছায়ার দুইটি বাস আচমিতা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ২০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়।

ওসি আবু শামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে “বার্তা বাজার”কে জানান, নিহত তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের লাশ কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর