‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রীকে আ. লীগের অভিনন্দন

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শেখ হাসিনাকে অভিনন্দন জানান। ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যই কাজ করে যাচ্ছেন তা নয়, একইভাবে তিনি দেশের জন্য মানসম্মত উন্নত, স্বাস্থ্যকর নাগরিক সৃষ্টির লক্ষ্যেও নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।

এ কারণেই বর্তমান সরকার একটি যুগোপযোগী, আধুনিক স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে এবং এই নীতির আওতায় দেশের সকল শিশুর জন্য শতভাগ টিকাদান কর্মসূচি সাফল্যের সাথে সম্পন্ন করেছে।

‘‘ফলে বাংলাদেশে আজ মা ও শিশু মৃত্যুহার উল্লেখ্যভাবে হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো সম্মাননা প্রাপ্তি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার অব্যাহত অগ্রগতির প্রতিফলন।’’ যোগ করেন ওবায়দুল কাদের।

বাংলাদেশে টিকাদান কর্মসূচির ব্যাপক সফলতার জন্য সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার প্রদান করেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর