সরকারের ইশারায় খালেদা জিয়ার জামিন হচ্ছে না

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমূর আলম খন্দকার বলেছেন, স্বৈরাচারী সরকারের ইশারায় খালেদা জিয়ার জামিন দেয়া হচ্ছে না। তিনি এক এগারতেও বিদেশে যাননি। আগামী ২৬ অক্টোবর কালোকোটের মহাসমাবেশের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবীদের সাথে জেলা আইনজীবী সমিতির ৩নং হলরুমে মঙ্গলবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক পিপি এড. আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার বলেন, স্বাধীনতাযুদ্ধ গাজীপুর থেকে শুরু করেছিলাম। দেশনেত্রীকে মুক্ত করার আন্দোলন গাজীপুর থেকে শুরু হবে, ইনশাল্লাহ। সবাইকে ঐকবদ্ধ হওয়ার শপথ নিয়ে এবার ঘুরে দাড়াতে হবে। সরকার পালাবার পথ খুঁজে পাবে না।

সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, পৃথিবীতে আইনজীবীদের আন্দোলন কোনদিনই ব্যর্থ হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আইনজীবী হয়ে বর্ণবাদকে পরাজিত করেছিলেন, আইনজীবীরা ওয়াটারগেট কেলেংকারীর প্রেসিডেন্ট নিক্সনের পতন ঘটিয়েছিলেন, মহাত্মা গান্ধী, জিন্নাহ, নেহেরু, শেরে বাংলা, সোহরাওয়ার্দী এমন প্রথিতযশা আইনজীবীগণ উপমহাদেশকে বৃটিশমুক্ত করেছিলেন। এবারেও খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ব্যর্থ হবে না।

জেলা আইনজীবী ফোরামের সদস্যসচিব এড. মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের মহাসচীব এ বি এম রফিকুল হক তালুকদার রাজা, আইনজীবী এড. সিদ্দিকুর রহমান, মনিরুল ইসলাম মনির প্রমুখ ।

উল্লেখ্য, আগামী ২৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও ভোটার বিহীন জাতীয় সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে আইনজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর