পেনশন ও বিভিন্ন উৎসব ভাতার দাবিতে জামালপুরের সরিষাবাড়ীতে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও জেলা সাধারন সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যান সমিতির সভাপতি মোঃ শামছুল আরিফিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ-সভাপতি জুলহাস উদ্দিন, উপদেষ্টা তোফাজ্জল হোসেন, জামালপুর জেলার সভাপতি ফরিদ উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সামছুল হক সুমু , কোষাধ্যক্ষ বজলুর রহমান, জেলা সদস্য ইদ্রিস আলী প্রমুখ।
পরে আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা বর্তমানে দিনে তিন বেলা ভালো করে খেতে পারি না। আমাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার খরচ দিতে পারি না। বয়স হওয়ার কারনে তো আমরা কামলা দিয়ে বা অন্য কিছু করে খেতে পারি না। ঈদে বউ ও ছেলে-মেয়েদের নতুন জামা কিনে দিতে পারি না। যাকাতের বা ধনী ব্যাক্তিদের কাছ থেকে চেয়ে কাপড় পড়তে হয় আমাদের।
পেনশনের ও বিভিন্ন উৎসব ভাতার টাকা পেলে শেষ জীবনে একটু ভালো ভাবে পেট ভরে খেয়ে মরতে পারবো এটাই শান্তির। তারা আরও বলেন, আমাদের পেনশনের টাকা ও উৎসব ভাতার দাবি মেনে না নেয়া হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
ছবিঃ পেনশন ও বিভিন্ন উৎসব ভাতার দাবিতে সরিষাবাড়ীতে গ্রামীন ব্যাংক অবসর প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যান সমিতির আলোচনা সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শামছুল আরিফিন
বার্তাবাজার/কে.জে.পি