মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বাদাতেঘরিয়া গ্রামে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৫টার দিকে এক মোটরসাইকেল দুর্ঘটনায় চালক হেকমত আলী (১৮) ও আরোহী আজিত মিয়া (১৫) নিহত হয়েছে এছাড়াও পলাশ নামের একজন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলো- বাদাতেঘরিয়া গ্রামের মসর আলীর ছেলে হেকমত আলী ও সাবদুল্লার ছেলে আজিত মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সদর উপজেলার পাকুড়িয়া বাদাতেঘরিয়া গ্রামের হেকমত আলী ও আজিত মিয়া একই গ্রামের একটি চুলের কারখানায় শ্রমিকের কাজ করতো। সোমবার সন্ধ্যা থেকে সারারাত ওই কারখানায় কাজ শেষে মঙ্গলবার ভোরে হেকমত আলী ও আজিত মিয়া সদর উপজেলার তারাকান্দি বাজারের একটি হোটেলে নাস্তা করতে মোটরসাইকেল যোগে যাবার সময় বাদাতেঘরিয়া গ্রামের একটি রাস্তায় মোটরসাইকেলটি মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় তারা দুজনেই গুরুতর আহত হয়। পরে তাদের এলাকাবাসী উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) লাল মামুদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরী করে। এদিকে নিহত হেকমত আলী ও আজিত মিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে এসআই লাল মামুদ মিয়া নিশ্চিত করেছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর