বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সেই সঙ্গে সংগঠনটির নব-নির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনকে এ বিষয়ে সাতদিনের মধ্যে জবাব দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে ছাত্রদলের সদ্যবিদায়ী কমিটির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক আমান উল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বিথি এ আদেশ দেন।
এর আগে, এই একই আদালতে ছাত্রদলের কাউন্সিল স্থগিত চেয়ে আবেদন করেছিলেন আমান উল্লাহ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে কাউন্সিলের একদিন আগে, ১২ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠানে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। ১৪ সেপ্টেম্বর ওই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আদালতের নিষেধাজ্ঞা থাকায় ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়নি। তবে এ নিষেধাজ্ঞার নিষ্পত্তি না করেই গত ১৮ সেপ্টেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় কাউন্সিল আয়োজন করা হয়। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন মো. ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. ইকবাল হোসেন শ্যামল।
এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নব-নির্বাচিত ছাত্রদলের নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বার্তাবাজার/ডব্লিওএস