‘বিয়ের’ অনুষ্ঠানে বিরিয়ানিতে মাংস না পেয়ে গুলি

বিয়ে বাড়িতে বিরিয়ানি খাওয়ার সময় পছন্দের মাংসের টুকরো পাননি আরিফ নামে এক যুবক। এ নিয়ে আরিফের সঙ্গে কথা কাটাকাটি হয় মিরাজের। অতিথিদের হস্তক্ষেপে পরিস্থিতি তাৎক্ষণিক কিছুটা শান্ত হয়। তারপর ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু আরিফের ক্ষোভ কমেনি। সম্প্রতি মিরাজকে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে গুলি করে হত্যা করার চেষ্টা করেছেন আরিফ। গুরুতর আহত মিরাজ এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বিয়ের অনুষ্ঠানের ভূরিভোজের সময় বিরিয়ানিতে মাংস না পেয়ে গুলির এ ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মাদিয়ানো এলাকায়।

ছয় মাস আগে মাদিয়ানোর একটি বিয়েবাড়িতে পছন্দের মাংসের টুকরো দাবি করে আরিফ। মিরাজের বাবা সেই সময় খাবার পরিবেশন করছিলেন। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মিরাজের বাবার মুখে বিরিয়ানির প্লেট ছুড়ে মারে আরিফ।

বাবার অপমানের প্রতিবাদে এগিয়ে আসেন ২০ বছরের মিরাজ। সেই সময় বিয়ের অতিথিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিলেও ছয় মাস ধরে মনের মধ্যে ক্ষোভ পুষে রাখেন আরিফ।

মিরাজকে হত্যার পরিকল্পনা হিসেবে সন্ত্রাসী ভাড়া করেন আরিফ। অজয় কুমার নামে এক সন্ত্রাসী স্কুলভ্যান চালক মিরাজকে লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় মিরাজের হাতে ও বুকে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ দু’জনকেই গ্রেফতার করেছে রাজ্য পুলিশ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর