সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলা, নিজেদের ব্যর্থ বললেন সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক মারধর করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারীরা। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। সাংবাদিকদের ওপর হামলার কথা স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।সাদ্দাম বলেন, এটা আমাদের ব্যর্থতা। অতি উৎসাহী কর্মীদের কারণে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এ সম্পর্কে আমরা ওয়াকিবহাল ছিলাম না।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।এই ঘটনার কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এসে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করেন বিশ্ববিদ্যালয় সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন, স্টুডেন্ট জার্নালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আনিসুর রহমান ও বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আফসার মুন্না, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি রাহাতুল ইসলাম।

এ সময় সাদ্দাম বলেন, আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। এটা সম্পূর্ণ একটি অঘটন। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে। কিন্তু কিছু অতি উৎসাহী কর্মীদের জন্য সংগঠন কলঙ্কিত হচ্ছে। এটা আসলে আমাদের ব্যর্থতা। আমরা ব্যর্থতার দায় স্বীকার করছি। দ্রুত সময়ের মধ্যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।

ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা পরিকল্পিত এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের নেতৃত্বে হামলা হয়েছে, এমন অভিযোগ করেছে ছাত্রদল। এ প্রসঙ্গে জানতে চাইলে সনজিত বলেন, আমি লাইব্রেরির ওয়াশরুমে গিয়েছি। এসে দেখি অনেকে জড়ো হয়ে আছে। পরে শুনতে পেলাম মারামারির ঘটনা ঘটেছে। এসব সম্পর্কে আমি জানতামই না। যারা এসব ঘটিয়েছে আমরা দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।

এ সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর