যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেফতার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ অভিযান শুরু হলো এক সপ্তাহ হলো। এক সপ্তাহের মধ্যে সবাই গ্রেফতার হবেন? প্রকৌশলীসহ যাদের কথা বলছেন, পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আসতে হবে।’
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অভিযানে যারা গ্রেপ্তার হয়েছে তারা কি কম অপরাধী? আমি এটা বলতে পারি যে, কেউ পার পাবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। কিছু কিছু বিষয় আছে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা সে বিষয় দেখছেন।কাজেই এখানে কেউ পার পাবেন না। আমি এটা বলতে পারি, কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযান মাত্র শুরু হয়েছে। কিছু কিছু বিষয় আছে যা সরকার ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো দেখছে এবং খোঁজ খবর নিচ্ছে। আবার অনেকে তো গা-ঢাকা দিয়েছেন, তাদের খুঁজে বের করতে হবে। তাদের অনেককে নজরদারিতে রাখা হয়েছে এবং যারা নিজেদের আড়াল করে রেখেছে, তাদের খোঁজা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না।’
সম্রাট গা-ঢাকা দিয়েছেন কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি জানি না, কে কে গা-ঢাকা দিয়েছেন। অপরাধী যে যেখানেই থাকুক, ব্যবস্থা নেওয়া হবে। আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তারা গা-ঢাকা দেওয়াদের খুঁজছেন। যারা গা-ঢাকা দিয়েছেন তারা কোথায় যাবেন?’
দুর্নীতির বিষয়ে সরকার সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে, এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কে কি বলল সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে অপারেশন শুরু হয়েছে সেটাও অব্যাহত থাকবে। আগে পরে কেউই অপরাধ করে পার পাবেন না।’
মন্ত্রী আরো বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরেও কথা বলেছেন। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সবার সামনেই তিনি বলেছেন, গডফাদার বা অপরাধী যত বড়ই হোক, যারা মাদক, দুর্নীতি, টেন্ডারবাজি ও চাঁদাবাজি করবে তারা সরকারি দলের হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে যেন কোন আপোষ না হয়।
বার্তাবাজার/এএস