চট্টগ্রামের স্কোয়াড নিয়েই ফাইনালে লড়বে বাংলাদেশ

অনেকের ধারণা ছিলো ফাইনালে হয়ত বড় কোন পরিবর্তন আসবে টাইগার শিবিরে। অবশেষে ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ স্কোয়াডে আর কোনো পরিবর্তন আনা হয়নি। চট্টগ্রাম পর্বের দলটিকেই রেখে দেওয়া হয়েছে ফাইনালের জন্য।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের প্রথম স্কোয়াড ছিল মিরপুরে প্রাথমিক পর্বের দুই ম্যাচের জন্য। পরে চট্টগ্রামের দুই ম্যাচের জন্য দলে পরিবর্তন আনা হয়েছিল পাঁচটি। চট্টগ্রামে ২ ম্যাচই জয়ের পর আস্থা রাখা হলো সেই স্কোয়াডের ওপর।

স্কোয়াডে আসা সেই ৫ জনের ৩ জন খেলেছেন চট্টগ্রামে। পেসার শফিউল ইসলাম ২ বছর পর টি-টোয়েন্টিতে ফিরে ২ ম্যাচে দারুণ বোলিংয়ে নিয়েছেন ৪ উইকেট। অভিষেকে দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। তবে সেই ম্যাচেই হাতে চোট পাওয়ায় পরের ম্যাচে খেলতে পারেননি এই লেগ স্পিনার। ফাইনালে তাকে পাওয়ার আশা করছে দল।

চট্টগ্রামে দুই ম্যাচ খেলেও পারফর্ম করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। পরিবর্তন না আনায় তিনি টিকে গেছেন স্কোয়াডে। টিকে গেছেন টুর্নামেন্টে তিন ম্যাচ খেলেও পারফর্ম করতে না পারা সাব্বির রহমানও।

অভিজ্ঞ পেসার রুবেল হোসেন ও নবাগত মোহাম্মদ নাঈম শেখ সুযোগ পাননি ম্যাচ খেলার। শান্তর যে ফর্ম, তাতে ফাইনালে খেলার আশা খানিকটা করতে পারেন নাঈম। তবে মোহাম্মদ সাইফ উদ্দিন, শফিউলদের উজ্জ্বল পারফরম্যান্সের পর রুবেলের একাদশে আসার সুযোগ নেই বললেই চলে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর