বৃষ্টিতে আশ্রয় নিতে গিয়ে কাভার্ড ভ্যান চাপায় মৃত্যু

সাভারের আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে পুরাতন ডিইপিজেড এর মূল ফটকে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হয়ে শিল্পী খাতুন নামের এক নারী শ্রমিক নিহত হন।

নিহত শিল্পী নাটোর জেলার পাচতিকরি গ্রামের খাদেমুল আলীর মেয়ে। তিনি পুরাতন ডিইপিজেডে হপিক বিডি লিমিটেড নামের কারখানায় কর্মরত ছিলেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে কারখানা ছুটির পর পুরাতন ডিইপিজেড এর মূল ফটকের কাছে শ্রমিকেরা পৌঁছাতেই বৃষ্টি শুরু হয়। কয়েকটি কার্ভাড ভ্যান সেখানেই দাঁড়িয়ে ছিলো। কয়েকজন নারী শ্রমিক বৃষ্টি থেকে বাঁচতে থেমে থাকা ওই কাভার্ড ভ্যানের নিচে আশ্রয় নেয়। কিন্তু ভ্যান চালক ভ্যানের নিচে আশ্রয় নেয়া নারী শ্রমিকদের খেয়াল না করেই গাড়ি স্টার্ট দিলে ভ্যানটি আশ্রয় নেয়া নারী শ্রমিক শিল্পীকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে শেখ ফজিলাতুন্নেছা কেপিজে হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক বদরুজ্জামান জানান, বৃষ্টির জন্য থেমে থাকা গাড়ির নিচে শিল্পী খাতুনসহ কয়েকজন শ্রমিক আশ্রয় নেন। হঠাৎ চালক গাড়ি চালু করে টান দিলে নিচে আশ্রয় নেয়া অন্য শ্রমিকেরা বের হতে পারলেও শিল্পী গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন।

এ ঘটনায় ঘাতক চালক সোহেল রানাকে কার্ভাড ভ্যান সহ আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর