জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা কর্মসূচীকে প্রত্যাখান করে পরীক্ষার হল পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। হল পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান।
রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা চলাকালে ব্যবসায়িক শিক্ষা অনুষদ ভবনে তিনি পরীক্ষার হল পরিদর্শন করেন।
অন্যদিকে পরীক্ষা চলাকালীন সময়েই দুপুর ১টার দিকে উপাচার্যের পদত্যাগ দাবিসহ তাকে সকল ভবনে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে কালো পতাকা প্রদর্শন করেছে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পদদেশে এ কর্মসূচী পালন করে তারা। এসময় তারা এ আন্দোলনকে আগামী ১ অক্টোবর পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দেন, যতক্ষণ না উপাচার্য স্ব ইচ্ছায় পদত্যাগ করে।
এদিকে আজ ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) এর পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১ অক্টোবর পর্যন্ত। রোববার সকাল ৯ টা থেকে ৬টি শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘এ’ ইউনিটে ছাত্রদের ২৩৫টি এবং ছাত্রীদের জন্য ১৭৫টি সিট রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের উপস্থিতি শতকরা ৯৮ শতাংশ। ভর্তি জালিয়াতির সন্দেহে একজন পরীক্ষার্থীকে আটক করা ছাড়া এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
বার্তাবাজার/ডব্লিওএস