তারেক ‘বড় অজগড় সাপ’: ড. হাছান মাহমুদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘বড় অজগর সাপ’ বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে বাংলাদেশ টেলিভিশন শিল্পী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি ক্যাসিনোতে চালানো অভিযানে গ্রেফতার হন সরকার দলীয় বেশ করেকজন নেতা।আর তাতে বের হয় চোখ কপালে উঠার মতো তথ্য।

চলমান বিষয নিয়ে মন্তব্য করতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেঁচো খুড়তে আওয়ামী লীগের মধ্য থেকে সাপ বের হচ্ছে।

বিএনপি মহাসচিবের এ বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, তাদের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) তো বড় অজগর সাপ, সব গিলে খেয়ে ফেলে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন, সেখানে এটির জন্য সরকারকে বিএনপির সাধুবাদ জানানোর দরকার। যেখানে মাদক কিংবা ক্যাসিনো বা অনিয়ম হচ্ছে সেখানে ব্যবস্থা গ্রহণ করছে সরকার। সেক্ষেত্রে কে কোন মতের বা কোন পথের সেটি দেখা হচ্ছে না। যেটি বিএনপির আমলে করা হয়নি। বিএনপির আমলে তারা দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। হাওয়া ভবন বানিয়ে প্রত্যেক ব্যবসায় ১০ পার্সেন্ট কমিশন বসানো হয়েছিল। খোয়াব ভবন বানিয়ে আমোদ-ফুর্তি করা হতো।

সেই জায়গায় প্রধানমন্ত্রী এখন সমস্ত অনিয়ম, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অগ্রসর হচ্ছেন। এতে তো বিএনপির খুশি হওয়ার কথা। বিএনপির সাধুবাদ জানানোর কথা। আর তাদের ব্যর্থতার জন্য লজ্জা পাওয়ার কথা। সেটি না বলে…, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করবো-নিজেদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন বড় অজগর সাপ, সেতো সব খেয়ে ফেলে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সেই জায়গায় রেখে, নিজেরা পরপর পাঁচবার দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলেন। তাদের তো এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই।’

অপর এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যেখানে অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা পরপর তৃতীয়বার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে অনেক অনুপ্রবেশকারী আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ে ঢুকেছে। তাদের চিহ্নিত করার কাজ চলছে, ব্যবস্থা নেওয়া হবে। যাদের ধরা হচ্ছে কোনোটাই কেঁচো নয়, কোনোটাই চুনোপুঁটি নয়।

সরকারের উচ্চ পর্যায়ে, আমলা-মন্ত্রী পর্যায়ের লোককেও কমিশন দিয়ে অবৈধ কাজ করেছেন বলে গ্রেফতার হওয়া ব্যক্তিদের দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তারা যে কথাগুলো বলেছে সেগুলো পত্রপত্রিকায় আমিও দু’এক জায়গায় দেখেছি। এই কথাগুলো স্টিল নট ভ্যালিডেটেড। অবশ্যই তাদের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর