কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর বাজারে আর এম ইলেক্ট্রনিক্স নামে ওয়ালটন পণ্যের একটি শো রুমে চুরির ঘটনা ঘটেছে। চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল আলম কাজল সহ দুইজনকে আটক করেছে পুলিশ।গতকাল শনিবার বিকেলের দিকে এদের আটক করে উলিপুর থানা পুলিশ।
উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চত করেছেন।
আরিফুল আলম কাজল দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি খোরশেদ আলমের ছেলে বলে জানা গেছে। চুরির ঘটনায় আটককৃত দিগন্তের বাড়ি একই উপজেলার আনন্দ বাজার এলাকায় বলে জানা গেছে।
দুর্গাপুর বাজারে অবস্থিত আর এম ইলেক্ট্রনিক্সের সত্তাধিকারী রাফেল মাহমুদ জানান, শুক্রবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। শনিবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানে রাখা ২০টি এন্ড্রয়েড ফোন এবং ক্যাশে রাখা দুই লাখ আশি হাজার টাকা চুরি হয়ে গেছে। দোকান ঘরের চালের টিন খুলে দোকানে প্রবেশ করে মোবাইল ফোন সেট ও টাকা চুরি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান রাফেল।
রাফেল আরও বলেন, দোকানের ভেতর থাকা সিসি ক্যামেরার ফুটেজে একটি ছেলেকে দোকানে প্রবেশের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ওই ছেলের নাম দিগন্ত। পরে বিষয়টি উলিপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিডিও ফুটেজ দেখে দিগন্ত নামে ছেলেটিকে আটক করে থানায় নিয়ে যায়।’
উলিপুর থানা পুলিশ জানায়, চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দিগন্তকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্য অনুযায়ী চুরির সাথে সংশ্লিষ্টতার অভিযোগে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল আলম কাজলকে আটক করে পুলিশ।
ছাত্রলীগের পদে থেকে চুরির সাথে আরিফুল আলম কাজলের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ছাত্রলীগ উলিপুর উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম রুবেল বলেন, ‘ আমি ঘটনাটি অবগত হয়েছি। ওই চুরির সাথে দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল আলম কাজলের কোনও ধরণের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
উলিপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আনওয়ারুল ইসলাম জানান, আটক দিগন্তকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী পওে আরিফুল আলম কাজ কে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/কে.জে.পি