২০১৮-১৯ ইং অর্থবছরঃ আমিনবাজার ইউনিয়নে ১৮ লক্ষ টাকার প্রকল্প সম্পন্ন

ঢাকার সাভারের আমিনবাজার ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ ইং অর্থবছরে ইজিপিপি, কাবিটা ও টি.আর প্রকল্পে সরকারী বরাদ্দের ১৮ লক্ষ ৭৪ হাজার ২শত ৫২ টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক এর নিকট তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের সরেজমিন অনুসন্ধানে বিষয়টি জানা যায়।

২০১৮-১৯ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায়ের প্রকল্পে ধোবারই গ্রামের প্রধান সড়ক হতে শিবপুর গ্রামের সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ভায়া ধোবারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার সাথে মাটি দ্বারা নতুন সংযোগ সড়ক নির্মাণ কাজটি সরকারী বরাদ্দের ১৪ লক্ষ ৮০ হাজার টাকার বিপরীতে সম্পন্ন হয়। মোট ১৮৫ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২০০ টাকা মজুরিতে ৪০ দিনে প্রকল্পের কাজটি শেষ করে। সরেজমিন প্রকল্পস্থানে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সরকারী বিধি মেনে শ্রমিক দিয়েই কাজটি শেষ করা হয়েছে।

২০১৮-১৯ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-উন্নয়ন) সাধারণ (১ম পর্যায়) কর্মসূচির আওতায় সালেপুর আলমগীরের ঘরের কোনা হতে মনিরের বাড়ীর রাস্তা পর্যন্ত মাটি দ্বারা উন্নয়ন কাজটি সরকারী বরাদ্দের ৩.১৪৪ মেট্রিক টন খাদ্যশস্য (আনুমানিক ১,১০,০৪০ টাকা) এর বিপরীতে সম্পন্ন হয়। একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-সোলার) সাধারণ (১ম পর্যায়) কর্মসূচির আওতায়- আমিনবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডের আহসানুল উলুম মাদ্রাসায় (৫৫,৪৭৩ টাকা) ও চন্দ্রনারায়ণপুর জামে মসজিদে (৫৫,৪৭৩ টাকা) সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন প্রকল্প দুইটি সরকারী বরাদ্দের ১ লক্ষ ১০ হাজার ৯ শত ৪৬ টাকায় সম্পন্ন হয়।

অন্যদিকে, একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর-উন্নয়ন) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ে সালেপুর নবীর প্লট হতে দক্ষিণমুখী রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটি সরকারী বরাদ্দের ৮৭ হাজার ৫শত ৮ টাকায় সম্পন্ন হয়। এছাড়া, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর- সোলার) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ে বেগুনবাড়ী পূর্বপাড়া খেয়াঘাটের সামনে সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন প্রকল্পটি সরকারী বরাদ্দের ৮৫ হাজার ৭শত ৫৮ টাকায় সম্পন্ন হয়।

আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ২০১৮-১৯ ইং অর্থবছরে তার ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পগুলি সম্পর্কে জানান, নির্ধারিত সময়ের ভিতরেই নানা প্রতিকূলতার ভিতর দিয়েই কাজগুলি সম্পন্ন করেছি। বিশেষ করে ইজিপিপি প্রকল্পটি বাস্তবায়িত করতে বেশ বেগ পেতে হয়েছে শ্রমিকের অপ্রতুলতার কারণে। তবে ধোবারই গ্রামের ওই রাস্তাটি খুবই জরুরী ছিল, কেনননা ওই এলাকার চলাচলের একমাত্র মাধ্যম ছিল নৌকা। পানিতে ডুবে থাকে বছরের বেশীরভাগ সময়। এজন্য রাস্তাটি তৈরী করায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবী পূরণ হয়েছে।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক জানান, আমিনবাজার ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ ইং অর্থবছরে সরকারী বরাদ্দের প্রকল্পগুলি সুন্দরভাবে বিধি মেনেই বাস্তবায়িত হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর