তেঁতুলঝোড়া ইউনিয়নে ২০১৮-১৯ অর্থবছরে ৩৭ লক্ষ টাকার প্রকল্প সম্পন্ন

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ২০১৮-১৯ ইং অর্থবছরে ৩৭ লক্ষ ৬৪ হাজার ৪ শত ৯৩ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট থেকে তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্যের আলোকে বিষয়টি জানা গেছে। এসব প্রকল্পগুলি হলো- অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি), গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর-উন্নয়ন ও টি.আর-সোলার) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-সোলার ও কাবিটা-উন্নয়ন)।

২০১৮-১৯ ইং অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) ২য় পর্যায়ে তেঁতুলঝোড়া ইউনিয়নে দুইটি প্রকল্পে ৩০ লক্ষ ৭২ হাজার টাকা সরকারী বরাদ্দ হিসেবে আসে মাটি দ্বারা রাস্তার উন্নয়নের জন্য। উত্তর মেইটকা মোহাম্মদ আলীর বাড়ী হতে আলতাব বেপারীর জমি ভায়া ঝাউচর মেইন রাস্তা মাটি দ্বারা উন্নয়ন কাজটি ১৮ লক্ষ ৭২ হাজার টাকার সরকারী বরাদ্দের বিপরীতে ২৩৪ জন হতদরিদ্র শ্রমিক দৈনিক ২শত টাকা মজুরিতে মোট ৪০ দিনে শেষ করে। জয়নাবাড়ী কাদেরের জমি হতে বুলবুলের জমি পর্যন্ত রাস্তা নির্মাণ কাজটি ১২ লক্ষ টাকা সরকারী বরাদ্দের বিপরীতে ১৫০ জন শ্রমিক দৈনিক ২শত টাকা মজুরিতে মোট ৪০ দিনে সম্পন্ন করে। প্রকল্প এলাকার অধিবাসীদের সাথে কথা বলে জানা গেছে, এই প্রকল্প দুইটি সরকারী বিধি মেনে স্থানীয় হতদরিদ্র শ্রমিকদের দিয়েই সম্পন্ন করা হয়েছে।

২০১৮-১৯ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর-সোলার) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ে- খাত্রাপাড়া বালুরঘাট রাস্তায় (৬৪,৮২৭ টাকা), অ্যাডভান্সড পুলিশ টাউন রাস্তায় উত্তর পাশে (৫৬,৪৯০ টাকা), অ্যাডভান্সড পুলিশ টাউন রাস্তায় দক্ষিণ পাশে (৫৬,৪৯০ টাকা) এবং একতা হাউজিং ইসমাইলের বাড়ীর সামনে (৫৬,৪৯০ টাকা) সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপনে সরকারী বরাদ্দের মোট ২,৩৪,২৯৭ টাকা খরচ হয়। একই অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর- উন্নয়ন) সাধারণ কর্মসূচির ১ম পর্যায়ের প্রকল্পে রাজাঘাট কালভার্টের দক্ষিণে মাহিনুরের জমি হতে মোকলেসের জমির পাশ পর্যন্ত রাস্তা উন্নয়ন কাজটি সরকারী বরাদ্দের ১,৮১,৪৩৭ টাকায় সম্পন্ন হয়।

২০১৮-১৯ ইং অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-সোলার) সাধারণ ১ম পর্যায়ের কর্মসূচির আওতায় এই ইউনিয়নে- শ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে তিন রাস্তার মোড়ে (৬০,৫৬১ টাকা), রাজাঘাট কবরস্থানে (৫৬,৪৯০ টাকা), মেইটকা ঈদগাহ মাঠ সংলগ্ন রাস্তায় (৫৬,৪৯০ টাকা) এবং তেঁতুলঝোড়া খালের উত্তর পাশে জামে মসজিদের কবরস্থানে (৫৬,৪৯০ টাকা) সোলার প্যানেলের মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন সরকারী বরাদ্দ হিসেবে আসা ২,৩০,০৩১ টাকার বিপরীতে সম্পন্ন হয়।

এছাড়া, ২০১৮-১৯ ইং অর্থবছরে এই ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-উন্নয়ন) সাধারণ ১ম পর্যায়ের কর্মসূচির আওতায় রাজাঘাট আওকাত হাজীর মার্কেটের সামনে কালভার্টের দক্ষিণ পাশের রাস্তা উন্নয়ন কাজটি সরকারী বরাদ্দ হিসেবে আসা ৬.৫১৯ মেট্রিক টন খাদ্যশস্য (আনুমানিক ২,২৮,১৬৫ টাকা) এর বিপরীতে সম্পন্ন হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর উক্ত অর্থবছরে তার ইউনিয়নে ৩৭ লক্ষাধিক টাকার সরকারী বরাদ্দের বিপরীতে উন্নয়ন কাজগুলি সম্পর্কে জানান, প্রতিটি কাজ সরেজমিন নিজে থেকে বাস্তবায়ন করেছি। এছাড়াও বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের তদারকি করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে উন্নয়ন কর্মকান্ডে সরকারী বরাদ্দের টাকার ১০০ ভাগ যাতে যথার্থ ব্যয় হয় সে বিষয়টি নিশ্চিত করবেন বলেও জানান সাবেক এই ছাত্রনেতা।

সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ একরামুল হক ২০১৮-১৯ ইং অর্থবছরে তেঁতুলঝোড়া ইউনিয়নে সরকারী বরাদ্দের ইজিপিপি, কাবিটা ও টি.আর প্রকল্পের সফল বাস্তবায়ন হয়েছে বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর