সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বহাল

আগামি ১৪ অক্টোবর অনুষ্ঠেয় শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ বাতিল হওয়া তিন প্রার্থীর মনোনয়নপত্র বহাল করা হয়েছে। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো. ইলিয়াস উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী (আ. লীগের ‘বিদ্রোহী’) মো. মিনহাজ উদ্দিন মিনাল এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মিজান। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী আপীলকারী কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক আনারকলি মাহবুব প্রয়োজনীয় কাগজপত্র প্রাপ্তির পর এই তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের নিকট এ তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আপীলকারী কর্তৃপক্ষের ঘোষণার পর চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আছেন আওয়ামী লীগ মনোনীত মো. রফিকুল ইসলাম, বিএনপি মনোনীত মো. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় পার্টির ইলিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মিনহাজ উদ্দিন মিনাল ও মোহাম্মদ বায়েযীদ হাছান। ভাইস চেয়ারম্যান পদে মো. জুলহাস উদ্দিন, মুহাম্মদ মনোয়ারুল ইসলাম, মোহাম্মদ মোছা মিঞা ও মো. আল হেলাল এবং নারী ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম ও সাবিহা জামান শাপলা। আগামি ২২ সেপ্টেম্বর রোববার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর