হারের হ্যাটট্রিক করেছে জিম্বাবুয়ে।ফলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। তাই-তো লিগ পর্বের জিম্বাবুয়ের শেষ ম্যাচটি নিয়মরক্ষার। শুক্রবার (২০ সেপ্টেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তান-জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা মাড়ে ছয়টায়। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে জয়ের স্বাদ নিতে মরিয়া জিম্বাবুয়ে।অন্যদিকে আজকের ম্যাচটি আরো একটি কারণে বেশ গুরুত্বপূর্ণ। কারণ আজ অবসরের ঘোষণা দিবেন জিম্বাবুয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।
আন্তর্জাতিক ক্রিকেটে মাসাকাদজার শুরুটা হয়েছিল জিম্বাবুয়ের স্বর্ণালি যুগের শেষ সময়ে। আর যখন বিদায় নিচ্ছেন তখন তার দেশের ক্রিকেট ধ্বংসের দ্বারপ্রান্তে। বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবারও নিজেদের প্রমাণ করতে চেয়েছিলেন মাসাকাদজারা। সেরকম কিছুই হয়নি।
আজ শেষ ম্যাচে জিততে পারলে কিছুটা সম্মান নিয়ে দেশে ফিরতে পারবেন মাসাকাদজারা। মাসাকাদজাকে তাহলে জয় উপহার দিয়ে বিদায় দিতে পারবেন সতীর্থরা। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও আফগানিস্তানকে হারাতে না পারা জিম্বাবুয়েকে জিততে হলে প্রত্যাশার চেয়েও ভালো ক্রিকেট খেলতে হবে। মাসাকাদজার বিদায়ী ম্যাচে সেটাই করে দেখাতে চায় জিম্বাবুয়ে।
টি-টোয়েন্টি ক্রিকেটে শক্তির বিচারে জিম্বাবুয়ের চেয়ে অনেক এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত দু’দলের মুখোমুখিতে আটটি টি-টোয়েন্টি ম্যাচের সবগুলোতেই জিতেছেন রশিদ খানরা। নিয়মরক্ষার ম্যাচেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে আফগানরা। এই সিরিজে স্বাগতিক বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে ম্যাচ খেলে দাপুটে জয় পেয়েছেন রশিদ-নবীরা। ক্যারিয়ারের শেষ সিরিজে মোটেও ভালো করতে পারছেন না মাসাকাদজা। তিন ম্যাচে করেছেন ৬২ রান।
জিম্বাবুয়ের অধিনায়ককে বিদায়ী সংবর্ধনা দেবে বিসিবি। এদিকে আফগানিস্তানকে এই সিরিজে টানছেন মোহাম্মদ নবী। দুই ম্যাচে তার রান সিরিজ সর্বোচ্চ ১২২। বোলিং আফগানদের মূল শক্তি। তবে আগের ম্যাচে মুজিব-উর রহমান ও রশিদ খানদের পাত্তাই দেয়নি জিম্বাবুয়ে। দ্রুত কয়েকটি উইকেট হারানোয় বড় স্কোরের নাগাল পায়নি তারা। ফিল্ডিং তাদের যাচ্ছেতাই। তিন বিভাগে জ্বলে উঠতে পারলে জিম্বাবুয়ে প্রথম জয় পেতে পারে আজ।
বার্তাবাজার/এএস