উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের ৪ উপজেলার ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অসময়ের এ প্লাবনে ডুবে গেছে ফসলি জমি ও বাড়িঘর। এতে চরম বিপাকে পড়েছেন এলাকাবাসী।
টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে অস্বাভাবিক হারে বেড়েছে তিস্তা নদীর পানি। মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ধুবনী এলাকার কাঁচা সড়কের প্রায় ৫০ মিটার এলাকা ভেঙ্গে পশ্চিম ধুবনী, পূর্ব সিন্দুর্না ও চর সিন্দুর্নাসহ ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
এছাড়া তিস্তা তীরবর্তী সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, কালিগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনাসহ জেলার ১১টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে ফসলি জমি ও বসতভিটা।
ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন।
বার্তাবাজার/এএস