মেসি এসেও বার্সাকে উদ্ধার করতে পারেননি

ঊরুর চোটে পড়ে মেসি সেই যে মাঠের বাইরে চলে গেলেন, এই মৌসুমে আর কোনো ম্যাচে মেসিকে বার্সার জার্সি গায়ে দেখা যায়নি।ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনে নেমে বার্সা সমর্থকদের আশার প্রদীপটা আরেকটু উজ্জ্বল করেছিলেন মেসি নিজেই।তাই বড় আশা ছিল বার্সা সমর্থকদের, মৌসুমে প্রথমবারের মতো মাঠে দেখা যাবে লিওনেল মেসিকে।

কিন্তু না, শুরুতে মেসি নামেননি। মেসিকে ছাড়াই ডর্টমুন্ডের মাঠে পরীক্ষা দিতে নেমেছিল বার্সেলোনা। আর সে পরীক্ষার বার্সাকে হারের মুখ থেকে উদ্ধার করেছেন দলটির জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। শেষ দিকে মাঠে নেমেও বার্সাকে জেতাতে পারেননি মেসি।

ম্যাচে মেসির জায়গায় মাঠে নেমে রেকর্ড করেছেন আনসুমানে ফাতি। লা লিগায় আলো ছড়ানো ১৬ বছর ৩১৮ দিন বয়সের এই কিশোর গতকাল বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়নস লিগ খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখেছেন রেকর্ড বইতে। পেছনে ফেলেছেন স্প্যানিশ তারকা বোয়ান কিরকিচকে। ফাতির সঙ্গে বার্সার আক্রমণভাগে ছিলেন এই মৌসুমে দলে আসা ফরাসি তারকা আতোয়াঁ গ্রিজমান ও সদ্য চোট থেকে ফেরা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

কিন্তু কিছুতেই কিছু হয়নি। উল্টো নিজেদের মাঠে দাপিয়ে বেড়িয়েছে ডর্টমুন্ড। দলটির ইংলিশ তারকা জাডন সানচো বেশ কিছু সুযোগ পেয়েছেন গোটা ম্যাচে। প্রথমার্ধে একটা দুর্দান্ত আক্রমণে গোল করতে ব্যর্থ হন তিনি, গোলপোস্টের ওপরে বল মারেন। গোটা ম্যাচে সানচোকে থামাতে হিমশিম খেয়েছেন বার্সার দুই ফুলব্যাক নেলসন সেমেদো ও সার্জি রবার্তো। প্রথমার্ধে চোটের কারণে লেফটব্যাক জর্ডি আলবা উঠে গেলে তাঁর জায়গায় মাঠে নামেন রবার্তো। তবে নতুন ফুলব্যাক এসেও লাভ হয়নি। ডর্টমুন্ডের গতিশীল উইঙ্গারদের থামিয়ে নিজেরা তেমন আক্রমণে যেতে পারেনি বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধে নেলসন সেমেদোর ভুলে ডিবক্সের মধ্যে পড়ে যান সানচো। প্রাপ্ত পেনাল্টিটা কাজে লাগাতে পারেননি ডর্টমুন্ডের অধিনায়ক মার্কো রয়েস। তার পেনাল্টি আটকে দেন বার্সার গোলরক্ষক টের স্টেগেন। গোটা ম্যাচে বার্সার মনে রাখার মতো মুহূর্ত এই একটাই। এর পর জুলিয়ান ব্র্যান্ট, জাডন সানচো, মার্কো রয়েস, পাকো আলসাসেররা একের পর এক আক্রমণ করলেও গোল করতে পারেননি।

৬০তম মিনিটে ফাতিকে বসিয়ে লিওনেল মেসিকে নামান কোচ। কিন্তু সদ্য চোট থেকে ফেরা বার্সার তারকাও দলকে উদ্ধার করতে পারেননি, এনে দিতে পারেননি জয়। ফলে গোলশূন্যভাবেই শেষ হয়েছে ম্যাচটা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর