সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকার ইছামতি নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে এই দন্ডাদেশ দিয়েছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদরের রতনকান্দি ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকার ইছামতি নদীর নিকটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
এ সময় ড্রেজার দিয়ে ইছামতী নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে সদর উপজেলার কোনাগাতী গ্রামের রাজ্জাক নামক এক বালু ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এ অভিযানে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০” এর আওতায় জরিমানা করা হয়। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।