নিজের বয়স নিয়ে মুখ খুললেন রশিদ

আফগানিস্তানের অধিনায়ক তথা তারকা লেগ স্পিনার যে বিশ্বের অন্যতম সেরা তাতে কোনো সন্দেহ নেই। গতকালও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকে হারিয়েছে তার দল। কাগজে কলমে আফগান বোলার রশিদ খানের বয়স ২০ বছরের কিছু বেশী।

তিনি এখন বিশ্ব ক্রিকেটের সবচাইতে কম বয়সী টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এই বয়স নিয়েই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে তাকে কম বেশী অনেক খোঁচা সহ্য করতে হয়। বিস্তর ট্রল রয়েছে তাকে নিয়ে।

কাগজে কলমে তার জন্মদিন ১৯৯৮ সালের ২০শে সেপ্টেম্বর। এই বয়সে জাতীয় দলে নেতৃত্ব দেয়াটা কতটা চাপের? রশিদ বলেন, ‘এটা কোনো ব্যাপার না। চাপ থাকবেই।

হ্যাঁ আমি অনেক কম বয়সী, কিন্তু আমি উপভোগ করি, আমার বোলিং আর নিজেকে। আমি শুধু কঠোর পরিশ্রম করতে চাই। মানুষ কি বলছে ভাবিনা। আমি কখনো মানুষের জন্য খেলিনা, ভাবিনা। আমি নিজের দলের জন্য ও দেশের জন্য খেলি।’

অনেকেই সন্দেহ পোষণ করেন ‘রশিদ খানের বয়স কি আসলেই ২০?’ এমন প্রশ্নের জবাবে কৌশলী রশিদ খান বলেন, ‘ক্রিকেট মানেই চাপ। আপনি অধিনায়ক হন বা ২০ বছরের হন বা ৩০ বছরের হন সেটা কোনো ব্যাপার না।’

রশিদ খান, আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার, যিনি লেগ স্পিন দিয়ে বিশ্ব ক্রিকেটের সবক্ষেত্রে সফল। আফগানিস্তান এখন দ্বিতীয় দল, যারা নিজেদের প্রথম তিন টেস্টের দু্টি ম্যাচে জয় পেয়েছে।

রশিদ খান তৃতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১১ উইকেট নিয়ে প্রধান ভূমিকা পালন করেছেন অধিনায়কের দায়িত্বও। আইপিএলে তার জনপ্রিয়তা তুঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ বিশ্বের নামিদামি টি-টোয়েন্টি লিগগুলোতে এমন একজন প্রভাব বিস্তার লেগস্পিনারের কদর বেশ উঁচুতে।

শুধু স্পিন বোলিং না, সময়মতো দ্রুত রান তুলে দেয়ার কাজ করেও দলের ওপর চাপ কমাতে পারদর্শী রশিদ খান। কোন লিগ সবচেয়ে প্রিয়? এমন প্রশ্নে মি. খান বলেন, ‘বিভিন্ন লিগে বিভিন্ন পরিবেশ, বিভিন্ন কাজ, যেখানেই যাই ক্রিকেট উপভোগ করার চেষ্টা করি।

আইপিএল সবচেয়ে কঠিন লিগ। কঠিন উইকেট। সেখানে প্রচুর দর্শক। আমি আইপিএল ও বিগ ব্যাশ উপভোগ করি। বিগ ব্যাশে উইকেট স্পিনারদের জন্য কঠিন। সেখানে গিয়ে খেলা খুব কঠিন।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর