তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) সাভার জোনাল বিপনন অফিস কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকার তেতুইবাড়ী এলাকা এবং চক্রবর্তীর বেক্সিমকো শিল্প এলাকার দুইটি ‘স্পটে’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে। মোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ১২’শ বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং ২ ইঞ্চি বিতরণ পাইপগুলি খুলে জব্দ করা হয়েছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন- সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।
অভিযানের ব্যাপারে সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে চক্রবর্তীর দুইটি অংশে অভিযান পরিচালনা করেছি এবং এসময় অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এই অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজারকে এসময় তিনি আরও জানান, ‘আমরা তাদেরকে এই ম্যাসেজ দিয়েছি যে এসব অবৈধ সংযোগ হাই-প্রেসার লাইন থেকে নেয়া বিধায় মারাত্বক ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। যেকোনো সময় গ্যাস লিকেজ হয়ে তাদের ব্যবহৃত গ্যাস লাইনে মারাত্বক দূর্ঘটনা ঘটতে পারে। তাই তাদেরকে ভবিষ্যতে এমনভাবে অবৈধ সংযোগ না নেবার আহ্বান জানিয়েছি। আর এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরেও যাবো।
এব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, আজ কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় তেতুইবাড়ীতে দুপুর পর্যন্ত একটা অবৈধ লাইন থেকে নেয়া প্রায় ১ কিলোমিটার ব্যাপী অবৈধ ২ ইঞ্চি বিতরণ পাইপ তুলে সংযোগ বিচ্ছিন্ন সহ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এখানে প্রায় ৬ শত বাসা বাড়ীর অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া চক্রবর্তীর বেক্সিমকো শিল্প এলাকায় আরো একটি স্পটে প্রায় ১ কিলোমিটার ব্যাপী প্রায় ৬ শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।
সাভার জোনাল বিপনন অফিসের আন্ডারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে এবং নিয়মিত এ অভিযান মাস জুড়ে চলবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।
বার্তাবাজার/কে.জে.পি