টি-টোয়েন্টি দলে নতুন চমক নাঈম শেখ ও আমিনুল

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর পরিবর্তনের ছড়াছড়ি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলে। চট্টগ্রাম পর্বের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার সৌম্য সরকার, পেসার আবু হায়দার রনি, ইয়াসিন আরাফাত ও তরুণ স্পিনার মেহেদী হাসান।

সিরিজের প্রথম দুই ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য সরকার। বাদ পড়া সৌম্য ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচে করেছেন ৪ ও ০। ৪৩ টি-টোয়েন্টির ক্যারিয়ারে তার ফিফটি মোটে একটি, গড় ১৬.৭৯।

দলে ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এ নিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে অন্তর্ভুক্ত হলেন তারা।

আর প্রায় এক বছর পর বাংলাদেশ দলের দরজা খুলেছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর। তিনি সবশেষ লাল-সবুজ জার্সি পরেন ২০১৮ সালের সেপ্টেম্বরে। দলে কামব্যাক করেছেন রিভার্স সুইং তারকা রুবেল হোসেন ও শফিউল ইসলাম।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে চট্টগ্রামে বাংলাদেশের টি-টোয়েন্টি দুটি আগামী বুধবার ও শনিবার।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, লিটন কুমার দাস, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর